স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, একটি ভাইরাল হওয়া ঘটনার পর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাইরাল হওয়া ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে ফরেনসিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তদন্তে এক বা একাধিক সংস্থা যুক্ত ছিল বলেও জানান তিনি।
তিনি জানান, ওই সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রমও চলমান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায়ও সাবেক ওসিকে আসামি করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো কর্মকর্তা দায়িত্বে অবহেলা করলে বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে শুধু বদলি করেই বিষয়টি শেষ করা হবে না। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে মামলাও করা হচ্ছে।