সাহসিকতা ও সেবায় পদক পেলেন ৯২ পুলিশ সদস্য

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য সর্বোচ্চ সম্মাননা ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ পেয়েছেন ১২ জন সদস্য। এদের মধ্যে র‍্যাব-৭-এর মরহুম নায়েব সুবেদার মোঃ মোতালেব হোসেন ভূঁইয়াকে মরণোত্তর পদক প্রদান করা হয়। 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
সাহসিকতা, সেবায় অনন্য অবদান, চাঞ্চল্যকর মামলার সফল তদন্ত এবং উদ্ভাবনী মূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ৯২ জন সদস্যকে সম্মানজনক ‘পুলিশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মনোনীত পুলিশ সদস্যদের হাতে এসব পদক তুলে দেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-২ শাখা) উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের এই তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত গৌরবময় ও বীরত্বপূর্ণ কাজের ভিত্তিতে কর্মকর্তাদের এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই তা কার্যকর বলে গণ্য হয়।

চারটি ভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা পদকগুলোর মধ্যে রয়েছে—‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’।

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য সর্বোচ্চ সম্মাননা ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ পেয়েছেন ১২ জন সদস্য। এদের মধ্যে র‍্যাব-৭-এর মরহুম নায়েব সুবেদার মোঃ মোতালেব হোসেন ভূঁইয়াকে মরণোত্তর পদক প্রদান করা হয়। এই ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকারসহ মাঠপর্যায়ের বেশ কয়েকজন সদস্য।

সেবায় অনন্য নজির স্থাপনের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পেয়েছেন মোট ১৮ জন কর্মকর্তা। এ তালিকায় রয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অ্যাডিশনাল আইজিপি মোঃ মোস্তফা কামাল, নৌ পুলিশের অ্যাডিশনাল আইজিপি মোঃ রেজাউল করিম এবং রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

অন্যদিকে, বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ দেওয়া হয়েছে ১৮ জনকে। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন র‍্যাব-৯-এর মেজর আসিফ আল-রাজেক, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও চট্টগ্রাম হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও প্রশাসনিক সেবায় অসামান্য অবদানের জন্য সবচেয়ে বেশি, অর্থাৎ ৪৪ জন সদস্যকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হয়। এ ক্যাটাগরিতে পদক পেয়েছেন স্পেশাল ব্রাঞ্চের (সিটিএসবি) ডিআইজি মীর আশরাফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু: মাহবুবুর রশীদ।

রাজারবাগের অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পদকপ্রাপ্তদের মেডেল পরিয়ে দেন এবং পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
 
পদকপ্রাপ্তদের তালিকা দেখুন এখানে...
 
সর্বশেষ সর্বাধিক পঠিত