শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০ শ্রমিক

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলসের শ্রমিকরা। এ সময় পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর ফের মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকরা জানিয়েছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিলকিস আক্তার ও লিপি আক্তার গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে বিলকিস আক্তার বাক্‌প্রতিবন্ধী। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে দুই শতাধিক নারী-পুরুষ শ্রমিক জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং ফের মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। এতে মহাসড়কের দুই লেনে যানজটের সৃষ্টি হয়।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, এ সময় পুলিশ তাদের বেধড়ক লাঠিপেটা করলে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি শ্রমিকদের।

শ্রমিকদের অভিযোগ, দুই মাস ধরে তাদের বেতন দেওয়া হয়নি। বেতন পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো আশ্বাসও মিলছে না। সময়মতো বেতন না পাওয়ায় ঘরভাড়া, দোকানের বাকি ও পারিবারিক খরচ মেটাতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান তারা।

পোশাক শ্রমিক আমিনা বেগম বলেন, তারা নিরুপায় হয়ে পথে নেমেছেন। পাওনা বেতন না পেয়ে পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে। বহু আশ্বাসের পরও কোনো সুখবর না পেয়ে গরমের মধ্যে পাওনা বেতনের দাবিতে মহাসড়কে নামতে হয়েছে। এ সময় পুলিশ তাদের বেধড়ক মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি।

পোশাক শ্রমিক মনির হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন করার সময় পুলিশ মালিকপক্ষের হয়ে নিরীহ শ্রমিকদের বেধড়ক পিটিয়েছে। এতে তাদের অন্তত ১০ সহকর্মী আহত হয়েছেন। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বকেয়া বেতন পরিশোধের দাবিতে শতাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

ওশিন স্পিনিং মিলসের অ্যাডমিন অফিসার রেখা নাগ জানান, গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে শ্রমিকদের বেতন বকেয়া পড়েছে। বেতন দেওয়ার আশ্বাস পাওয়ার পরও শ্রমিকরা অবরোধে নামেন। কয়েক দিনের মধ্যে সব বকেয়া বেতন পরিশোধের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

গাজীপুরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, ওশিন স্পিনিং মিলসের তিন শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করেছিলেন। এতে প্রায় ২৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে শিল্প পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তাদের সরাতে কোনো কাঁদুনে গ্যাস, রাবার বুলেট কিংবা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়নি। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।