গাজীপুরের কোনাবাড়ীতে ছেলের বাসায় বেড়াতে এসে ট্রাকচাপায় রেখা রানী সূত্রধর নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় ট্রাকসহ চালক আব্দুল মমিনকে (৩৭) আটক করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেখা রানী সূত্রধর (৬০) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ মান্দিয়া গ্রামের সোনাতন চন্দ্র সূত্রধরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকালে ওই বৃদ্ধ কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় ছেলের বাসা থেকে বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাজীপুরগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।
নিহত বৃদ্ধার নাতি বাঁধন বলেন, ১৫ দিন আগে দাদু কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় আমাদের ভাড়াবাসায় বেড়াতে আসেন। সকালে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় তার মৃত্যু হয়৷
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) রাশেদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।