গেন্ডারিয়ায় এসি বিস্ফোরণে ইন্টারনেট প্রতিষ্ঠানের মালিকসহ দগ্ধ ২

রাজধানীর গেন্ডারিয়ায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে এসি বিস্ফোরণে মালিকসহ দুজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—প্রতিষ্ঠানটির মালিক কাজী ফয়সাল (৪১) ও তাঁর বন্ধু আমির হোসেন (৩৮)।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গেন্ডারিয়া হাই স্কুলের পাশে ‘হাই রেঞ্জ ইন্টারনেট’ নামের প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির কর্মচারী আহমেদ রফি জানান, কাজী ফয়সাল হাই রেঞ্জ ইন্টারনেটের মালিক। তাঁর বন্ধু আমির হোসেন ইসলামপুরে কাপড়ের ব্যবসা করেন। সন্ধ্যায় তিনি বন্ধুর প্রতিষ্ঠানে আড্ডা দিতে এসেছিলেন। পৌনে ৭টার দিকে হঠাৎ কক্ষের এসি বিস্ফোরিত হলে দুজন দগ্ধ হন। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম ও ক্যাবলও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান।

ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান আহমেদ জানান, কাজী ফয়সালের শরীরের ৭ শতাংশ এবং আমির হোসেনের ১৬ শতাংশ পুড়ে গেছে। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।