ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

ভোলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মো. রাকিব (২৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুগিরঘোল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে যুগিরঘোল মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে মেসার্স আলম মেডিকেল হলের সামনে থেকে রাকিবকে আটক করা হয়। তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক রাকিব কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নওয়াপাড়া এলাকার আ. রশিদের ছেলে।

ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, আটক যুবকের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।