কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না, বিষয়টি সবাইকে বুঝতে হবে। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কৌশল রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গোপালগঞ্জে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন ও সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, ‘যেটাকে কম গুরুত্ব দেওয়া দরকার, সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।’ প্রতিষ্ঠিত গণমাধ্যমের বাইরে থাকা বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
দেশে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার রয়েছে উল্লেখ করে আহম্মদ সোহেল মনজুর বলেন, পৃথিবীর ইতিহাসে দেশ থেকে পালিয়ে যাওয়া কোনো রাষ্ট্রপ্রধানের ফিরে আসার নজির নেই। শেখ হাসিনা দেশে আসবেন না, বিষয়টি বুঝতে হবে। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কৌশল রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সহনশীলতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না।
শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ এবং এ জন্য বিমান চাওয়ার বিষয়টিকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়। এসব করে কোনো লাভও হবে না।
এ সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার প্রমুখ।