সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোয় দ্রুত সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল রবিবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নিজ নিজ কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে হবে। সভায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।