চশমা ছাড়াই কোরআন পড়েন ১২৩ বছরের আব্বাস

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ এএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার আব্বাস প্রামাণিক বয়সের ভারে এখন আর আগের মতো চলাফেরা করতে পারেন না। তবে স্মৃতিতে এখনো ধরে রেখেছেন দীর্ঘ জীবনের বহু অধ্যায়। তার পরিবার জানায়, আব্বাস প্রামাণিকের বয়স ১২৩ বছর। এ বয়সেও তিনি চশমা ছাড়াই কোরআন পড়তে পারেন। পরিবারের সদস্যদের মতে, সাদামাটা জীবনযাপন, নিয়মিত ধর্মচর্চা ও দীর্ঘদিনের সংযমী অভ্যাসই তার জীবনের বড় বৈশিষ্ট্য।

নাতি শফিকুল বলেন, তার দাদা অত্যন্ত ধার্মিক ও সৎ মানুষ। জীবনে কারও সঙ্গে অন্যায় করেননি। সহজ-সরল জীবনযাপন করেই কাটিয়েছেন সময়। তবে বয়সের কারণে এখন প্রতিদিনের কাজেও অন্যের সহায়তা প্রয়োজন হয়। আরেক নাতি বেলাল হোসেন জানান, আব্বাস প্রামাণিকের ছেলেময়েরা সবাই আলাদা সংসারে ব্যস্ত। ফলে তাকে দেখাশোনার জন্য নির্দিষ্ট কেউ সবসময় পাশে থাকতে পারেন না। নাতিরাই নিজেদের সামর্থ্য অনুযায়ী তার যতœ নেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, আব্বাস যে ঘরে থাকেন সেটিও বেশ ভাঙাচোরা। এ বয়সে নিয়মিত পুষ্টিকর খাবার ও চিকিৎসাসেবার প্রয়োজন হলেও তা সবসময় নিশ্চিত করা যায় না।

মেয়ে আলিমা বেগম বলেন, তার বয়স যখন পাঁচ বছর, তখনই মা মারা যান। এরপর বাবার কাছেই বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই বাবাকে সৎ, পরিশ্রমী ও সংযমী জীবনযাপন করতে দেখেছেন।

আলিমা বলেন, কোথাও যেতে হলে তার বাবা বেশিরভাগ সময় হেঁটেই যেতেন। গাড়িতে ওঠার অভ্যাস খুব কম ছিল। এত বয়সেও তিনি চশমা ছাড়া কোরআন পড়তে পারেন, এটাই পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়ের বিষয়। তিনি আরও জানান, বর্তমানে আব্বাস প্রামাণিক মূলত নাতিদের সঙ্গেই থাকেন। সুযোগ পেলেই তিনি বাবাকে দেখতে যান এবং তার পছন্দের খাবার নিয়ে যান। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, আব্বাস প্রামাণিক উপজেলার প্রবীণ ব্যক্তিদের একজন। বয়সের কারণে তার চলাফেরা সীমিত। তার যাতায়াত সহজ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ির সামনে সিঁড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে এবং উপজেলা প্রশাসনও বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে আসছে।

এক জীবনে কত ঋতু পেরোয়, কত মানুষ আসে-যায়, কত স্মৃতি জমা হয় তারই এক নীরব সাক্ষী আব্বাস প্রামাণিক। সময় তার শরীরকে ধীর করেছে, কিন্তু এখনো চশমা ছাড়া কোরআনের অক্ষর পড়তে পারা যেন বয়সের ভারের মধ্যেও জীবনের এক আশ্চর্য আলোকরেখা।

সর্বশেষ সর্বাধিক পঠিত