‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন হচ্ছে। গতকাল রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত র্যালি, সিটি ট্যুর, পর্যটন অংশীজন ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়, থিমেটিক প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে আগারগাঁওয়ে পর্যটন ভবন থেকে র্যালি বের হয়।
র্যালির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। র্যালিতে পর্যটন খাতের বিভিন্ন অংশীজন অংশ নেন। এতে আবহমান বাংলার জীবনধারা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য এবং ঢাকার ঐতিহ্য তুলে ধরা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পর্যটন ভবনে এ খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর একই স্থানে উৎস দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় সভা হবে। বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। দুপুর আড়াইটায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।
প্রথমবার দেওয়া হচ্ছে পুরস্কার : এবারের বিশ্ব পর্যটন দিবসের আয়োজনে প্রথমবারের মতো দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ পুরস্কার দিচ্ছে। পর্যটনশিল্পে টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহ এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া সারা দেশে দিবসটি পালিত হয়। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর
রাঙ্গামাটিতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী পর্যটন মেলা। সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। সভায় ইউএনও আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন। বান্দরবানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়। নারায়ণগঞ্জে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়।