রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ দখলমুক্ত ঘোষণা করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের পর দখলদারদের টাঙানো সাইনবোর্ড উচ্ছেদ করে অবশেষে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব ঐতিহ্যবাহী পরিচিতি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সচেতন অধিবাসী, রাজনৈতিক নেতাকর্মী এবং ক্লিনিক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বিতর্কিত সেই অবৈধ সাইনবোর্ডটি অপসারণ করা হয়। সেখানে পুনরায় স্থাপন করা হয় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের মূল সাইনবোর্ড।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে একদল দুষ্কৃতকারী ও অবৈধ দখলদার আচমকা রাড্ডা ক্লিনিকে হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাট চালিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা করে। পরবর্তীতে ক্লিনিকের জমিতে জোরপূর্বক ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি কাল্পনিক সংগঠনের নামে রাতারাতি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে তা দখলের চেষ্টা চালানো হয়েছিল।
এই জঘন্য ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। দখলদারদের উচ্ছেদ করে মূল সাইনবোর্ডটি ফিরিয়ে আনার মধ্য দিয়ে ক্লিনিকটির নিয়ন্ত্রণ পুনরায় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের হাতে ফিরে এল।
হামলা ও ভাঙচুরের ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। ক্লিনিকের অবকাঠামোগত বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার সকাল থেকেই সেখানে জোরকদমে সংস্কারকাজ শুরু হয়েছে। কর্মীরা দিনভর ধসে পড়া দেয়াল, ভেঙে যাওয়া জানালার কাচ ও ঘরের অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে ব্যস্ত সময় পার করছেন।
তবে অবকাঠামোগত চরম সংকটের মধ্যেও থেমে থাকেনি সাধারণ মানুষের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অন্তহীন প্রতিকূলতার মধ্যেও তাদের সেবা দান অব্যাহত রেখেছেন। ভবনের তুলনামূলক নিরাপদ কক্ষগুলোর ভেতরে যেমন রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, তেমনি সেবা প্রার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে ক্লিনিকের বাইরের প্রাঙ্গণে চেয়ার-টেবিল বসিয়ে জরুরি ও নিয়মিত চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
অন্যদিকে, এই হামলার ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র নিশ্চিত করেছে যে, ক্লিনিকে হামলা, ভাঙচুর ও দখলের চেষ্টার অপরাধে এ পর্যন্ত ঘটনায় জড়িত মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি লুট হয়ে যাওয়া দুই ট্রাক মূল্যবান মালামাল ও চিকিৎসাসামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ছাড়া, ওই ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষায় অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে তাত্ক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
ক্লিনিকটি দখলমুক্ত হওয়া এবং নিজস্ব সাইনবোর্ড ফিরে পাওয়ায় মিরপুর এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সেবাগ্রহীতারা আশা প্রকাশ করছেন, দ্রুততম সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করে রাড্ডা ক্লিনিক আবার পূর্ণাঙ্গরূপে মানবসেবায় ফিরে আসবে।