এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন নাজমুল হোসেন শান্ত। এশিয়ান গেমসে পূর্ণশক্তির দলের সঙ্গে জাপানে গিয়েছিলেন সোনা জয়ের আশায়। কিন্তু খেলতে নামার আগেই অসুস্থ হয়ে পড়ায় দল থেকে ছিটকে গেলেন সাবেক অধিনায়ক।
জ্বর ও বমি হওয়ায় শান্তকে নাগোয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, 'আমরা নামার পর থেকেই শান্ত জ্বরে ভুগছিলেন। ইতিমধ্যে চার দিন হয়ে গেলেও জ্বর কমেনি। এটি একটি মৃদু জ্বর (লো-গ্রেড ফিভার), আর এখানকার ল্যাব পরীক্ষায় তার সংক্রমণের (ইনফেকশন) আলামত পাওয়া গেছে, যদিও ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
স্বভাবতই তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন এবং এই গেমসে অংশ নেওয়ার মতো সময়মতো সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে না। তাই তিনি দেশে ফিরে যাচ্ছেন।'
আগামীকাল প্রথম প্রাপ্ত ফ্লাইটেই শান্তকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ কন্টিনজেন্টের সিডিএম মেজর (অব.) ইমরোজ আহমেদ শান্তর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন।
শান্তকে ছাড়াই পরবর্তী ম্যাচগুলো খেলতে হবে বাংলাদেশকে। আগামীকাল কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার সঙ্গে গেমসে প্রথম ম্যাচ বাংলাদেশের।