মানবপাচার, জোরপূর্বক শ্রম এবং অভিবাসী পাচার মোকাবিলায় আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের অধীনে আয়োজিত উচ্চপর্যায়ের থিমেটিক সভা 'সোর্স থেকে শেলফ: বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মানবপাচার মোকাবিলা' শীর্ষক আলোচনায় প্যানেলিস্ট হিসেবে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) অনুষ্ঠিত এই কংগ্রেসে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী। পাঁচ বছর অন্তর এই আন্তর্জাতিক কংগ্রেসের আয়োজক ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)। আইন মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বক্তব্যে আইনমন্ত্রী মানবপাচার, জোরপূর্বক শ্রম এবং অভিবাসী পাচার মোকাবিলায় বাংলাদেশের আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারকরণের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ ও দমন আইন ২০২৬ প্রণয়ন, জাতীয় রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ, মানবপাচার সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন এবং অভিবাসী কর্মী ও মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আইনমন্ত্রী বলেন, 'বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর ইউএনওডিসি এবং অন্যান্য অংশীদারের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে।'
অ্যাডভোকেট আসাদুজ্জামান আইনের শাসন সমুন্নত রাখা ও মানবিক মর্যাদা সুরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, 'অর্থনৈতিক একীভ‚তকরণ ও বৈশ্বিক শ্রম চলাচল যাতে শ্রমিক ও মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মানের সঙ্গে পরিচালিত হয় এবং শোষণ থেকে কার্যকর সুরক্ষা নিশ্চিত করে, সে বিষয়ে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।'