আ. লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল সরকার তাদের মতোই গুলি চালাবে। কিন্তু বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। বরং আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবেলা করা হবে।

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে হবে কিনা সেটিও খতিয়ে দেখছে সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল সরকার তাদের মতোই গুলি চালাবে। কিন্তু বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। বরং আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবেলা করা হবে।

গণহত্যা করে আওয়ামী লীগ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে, অথচ তাদের এ নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান।

আইনমন্ত্রী অভিযোগ করে বলেন, ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাদের অনেকেই এখনও ফেরেননি। অনেকের স্বজন এখনও তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, প্রিয়জন যেনো ফিরে আসেন।

গণতন্ত্রের কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। 

সেই দুঃসময় থেকে দেশ ও জাতিকে বের করে আনতে জেন-জি যে ভূমিকা রেখেছে, সেজন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, স্বজনদের আহাজারি ও বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত