আনন্দঘন পরিবেশে শুরু ‘ছোটকাকু উৎসব ২০২৬’

বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেন বহু গুণের অধিকারী। কিংবদন্তি এই শিল্পী মনে করেন, বই পড়া এবং বইয়ের কাছাকাছি থাকা মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় চরিত্র ‘ছোটকাকু’ বইয়ের পাতা থেকে পর্দায়ও জনপ্রিয়তা পেয়েছে সিরিজ হিসেবে। বই থেকে ‘ছোটকাকু’র পর্দায় আসার ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর আলোকি কনভেনশনে শুরু হয়েছে ‘ছোটকাকু উৎসব ২০২৬’। সোমবার (২৮ সেপ্টেম্বর) এর উদ্বোধন করা হয়েছে। এতে অংশ নিচ্ছে শত শত শিশু ও তাদের পরিবার। 

উদ্বোধনী অনুষ্ঠানে বই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন পর্দার ‘ছোটকাকু’ ও এর নির্মাতা আফজাল হোসেন। তিনি বলেন, ‘এখানে যে বিষয়গুলো দেখবেন চারদিকে, সবই বইকেন্দ্রিক। বই নিয়ে কি এখন আমরা কথা বলি? বলি না। কিন্তু বই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পড়া আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু স্কুলের বই পড়ে মানুষ বড় হয়নি, হতে পারে না। তাহলে পৃথিবীতে অসংখ্য লেখক জন্ম নিতেন না, পৃথিবীতে অসংখ্য বইঘর থাকত না। বইঘরে বাচ্চা থেকে বুড়োরা সবাই ভিড় করে সারা দিন কাটাত না।’

 বই পড়ার অভ্যাস যত বাড়বে, ততই মানুষ ও দেশ উন্নত হবে বলে বিশ্বাস করেন আফজাল হোসেন। তার ভাষ্য, ‘বইয়ের কাছে মানুষ যত আসবে, সেই দেশ, সেই মানুষ তত উন্নত হবে। আমরা অনুভব করেছি, পড়ার ওপর জোর দেওয়া দরকার। হয়তো অনেকে বলবেন, তাহলে ছোটকাকু কেন? আমরা তো ছোটকাকুকে একটা আন্দোলন হিসেবেই শুরু করেছি। একটা অভিযানের মধ্য দিয়ে, একটা রহস্য উন্মোচনের মধ্য দিয়ে মানুষকে দেশপ্রেমের কথা বলব, মানুষকে বুদ্ধিমত্তার কথা বলব, মানুষকে কৌতূহলী হওয়ার কথা বলব।’ 

উৎসবের উদ্বোধনী আসরে আরো উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, মাজহারুল ইসলাম, সোমনুর মনির কোনালসহ অনেকে।শিশু-কিশোরদের নিয়ে এই উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। এতে অংশ নিয়ে পুরস্কার জিতে নেওয়ারও সুযোগ রয়েছে শিশুদের জন্য।