ঢাকা শহরের একটি মধ্যবিত্ত পরিবারের টানাপড়েন, হাসি-কান্না আর প্রাত্যহিক জীবনের নানা গল্প নিয়ে প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনায় এবং নজরুল ইসলাম রাজুর নির্দেশনায় নাটকটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে দেখা যাচ্ছে।
গল্পের কেন্দ্রে রয়েছেন অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক জমিরউদ্দিন সরকার এবং তার পরিবার। চার সন্তানকে নিয়ে গড়া এই সংসারের প্রতিচ্ছবিতে ফুটে উঠেছে পুরো বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের আলেখ্য। বড় ছেলে মবিন দ্রুত বিত্তশালী হতে গিয়ে মধ্যবিত্তের শৃঙ্খল ভাঙতে চায়, অন্যদিকে ছোট ছেলের স্বপ্ন বাবার আদর্শকে ধারণ করা। দুই স্বাধীনচেতা মেয়ে ও স্নেহান্ধ মায়ের মধ্যকার আবেগ, সংকট এবং প্রতিদিনের সামাজিক সংগ্রাম মিলিয়ে বাস্তবমুখী রূপ নিয়েছে নাটকটির কাহিনি।
নির্মাতা নজরুল ইসলাম রাজু জানান, এই নাটকে আবহমান বাঙালি পরিবারের নিজস্ব সংস্কৃতি ও চাওয়া-পাওয়ার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে দর্শকরা খুব সহজেই নিজেদের জীবনের ছায়া খুঁজে পাবেন।
নাটকটিতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন,
নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, নাদের চৌধুরী, মিলি বাসারসহ আরও অনেকে।