টেইলর সুইফটের জন্য ২০২৬ সালটা যেন একের পর এক রেকর্ড ভাঙার বছর। ট্রাভিস কেলসিকে বিয়ে করার কয়েক মাসের মধ্যেই সংগীত জগতের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চে নতুন ইতিহাস গড়লেন এই মার্কিন পপ তারকা। লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) বিয়ন্সেকে ছাড়িয়ে সর্বোচ্চ পুরস্কার জয়ের একক রেকর্ড এখন তার দখলে।
আগে বিয়ন্সের সঙ্গে যৌথভাবে ৩০টি পুরস্কার নিয়ে শীর্ষে থাকলেও এবার ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের মাধ্যমে নতুন একটি সম্মাননা পান টেইলর। দৃশ্যনির্ভর গল্প বলায় অবদানের জন্য তাকে দেওয়া হয় ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’। এ ছাড়া ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কারও উঠেছে তার হাতে। পুরস্কার গ্রহণের সময় আবেগঘন কণ্ঠে কান্ট্রি সংগীতের প্রয়াত কিংবদন্তি ডলি পার্টনের প্রতি শ্রদ্ধা জানান তিনি। অনুষ্ঠানমঞ্চে টেইলর তার নতুন গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিও প্রথমবার প্রকাশ করেন, যাতে অভিনয় করেছেন কলিন ফ্যারেল ও ডাকোটা জনসন।
তবে আয়োজনের সবচেয়ে বড় সম্মাননা ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ জিতেছেন পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা। দীর্ঘ সময় পর ভিএমএর মঞ্চে একক পরিবেশনায় অংশ নিয়ে ৬৮ বছর বয়সী এই তারকা মঞ্চ মাতান সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ‘ব্রিং ইয়োর লাভ’ ও চার্লি এক্সসিএক্সের সঙ্গে ‘ড্যান্সেটেরিয়া’ গানে। সাবরিনার সঙ্গে যৌথ পারফরম্যান্সের জন্য ‘বেস্ট কোলাবরেশন’ পুরস্কারও ঘরে তোলেন তিনি।
অন্যদিকে, দুই দশকেরও বেশি সময় পর কোনো ব্যান্ড হিসেবে ‘ভিডিও ভ্যানগার্ড’ সম্মাননায় ভূষিত হয় ৯-এর দশকের বিখ্যাত গ্রাঞ্জ ব্যান্ড নির্ভানা। অনুষ্ঠানে বিশেষ ট্রিব্যুট দেওয়া হয় কান্ট্রি তারকা ডলি পার্টন এবং জর্জ মাইকেলের স্মরণে, যেখানে পারফর্ম করেন কেসি মাসগ্রেভস, টেডি সুইমস ও রায়ে।
আন্তর্জাতিক তারকাদের মধ্যে থাই গায়িকা ও ব্ল্যাকপিংক সদস্য লিসা ‘ড্রিম’ গানের জন্য জিতে নেন ‘বেস্ট পপ’ পুরস্কার। র্যাপার স্নুপ ডগের সাবলীল সঞ্চালনায় তারকাদের জমকালো পরিবেশনা ও নানা চমকে মুখরিত ছিল এবারের ভিএমএ আসর।