আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রতি তিন মাস (ত্রৈমাসিক) পর পর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার যে সুবিধা দেওয়া হয়েছিল, সরকার তা বাতিল করেছে। ফলে করদাতাদের আবারও আগের নিয়মে ফিরে গিয়ে প্রতি মাসেই ভ্যাট রিটার্ন জমা দিতে হবে এবং প্রযোজ্য কর পরিশোধ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চলতি অর্থবছরের বাজেটে তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পরবর্তীতে জানায়, এই ব্যবস্থার ফলে ভ্যাট বা মূল্যসংযোজন কর আদায়ের গতি অনেকটাই শ্লথ হয়ে পড়েছে। তাই রাজস্ব আদায়ের গতি ফেরাতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানায় সংস্থাটি।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, করদাতাদের প্রতি তিন কর মেয়াদ (ট্যাক্স পিরিয়ড) শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেয়ার যে সুযোগ দেয়া হয়েছিল, তার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান পুনর্বহাল করা হয়েছে।