ড্যাপসহ অযৌক্তিক বিধিমালা সংস্কার করতে হবে

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেছেন, নানা ধরনের জটিল ও কঠিন নিয়ম-কানুন এবং বাস্তবতাবিবর্জিত বিধিবিধানের কারণে ক্রমেই সংকটের মুখে পড়ছে দেশের আবাসন ব্যবসায়। আবাসন শিল্পকে টিকিয়ে রাখতে ড্যাপসহ বিভিন্ন অযৌক্তিক বিধিমালার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন করতে হবে। গতকাল সোমবার রাজধানীর মিরপুরে আবাসন ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত রিয়েল এস্টেট ফোরাম এ সভার আয়োজন করে।

রিহ্যাব প্রেসিডেন্ট ছাড়াও আরও বক্তব্য রাখেন রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল আউয়াল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. সহিদুল ইসলাম, উত্তরা ডেভেলপার ফোরামের সভাপতি মো. ইব্রাহিম সরকার, সাউথ ডেভেলপার ফোরামের উপদেষ্টা শাখাওয়াত হোসেন, রিহাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স ড. মো. হারুন অর রশিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আবাসন ব্যবসা বর্তমানে নানা ধরনের সমস্যার চাপে রয়েছে। একই সঙ্গে বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধিবিধানের কারণে এ খাতের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ ও প্রতিষ্ঠান যুক্ত থাকায় এ সংকটের প্রভাব পুরো অর্থনীতিতেও পড়ছে। তা ছাড়া আবাসন খাতকে টেকসই ও গতিশীল রাখতে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ঐক্য ও সমন্বিত উদ্যোগ প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।