মেসিকে ছাড়া কেমন হবে আর্জেন্টিনার একাদশ? 

কাজটা বেশ কঠিন হলেও, সেটা তো একসময় করতেই হতো। লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার একাদশ সাজানো। চলমান ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা, যেখানে শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে শেষবারের মতো আকাশী-সাদা জার্সিতে নামবেন মেসি। তবে খেলবেন না আগের দুই ম্যাচে। তাই তো, এখন থেকেই ফুটবলের এই জাদুকরকে ছাড়া কেমন হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের একাদিশ সেই ছক কষতে শুরু করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

শনিবার ও রবিবারের দুই দিনের বিশ্রাম শেষে গতকাল ইজেইজার ‘লিওনেল আন্দ্রেস মেসি’ ট্রেনিং গ্রাউন্ডে ঘাম ঝরাতে শুরু করেছে আলবিসেলেস্তেরা। অনুশীলনের শুরুতেই কোচ স্কালোনি ও এএফএ প্রধান ক্লাউদিও ‘চিকি’ তাপিয়ার মধ্যে মাঠে দীর্ঘ আলোচনা হয়। এরপর ফুটবলাররা দুই ভাগে বিভক্ত হয়ে অনুশীলন শুরু করেন।  

দলের সিনিয়র তারকারা হালকা মেজাজের খেলায় অংশ নিলেও ইনজুরি কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা ফুটবলাররা সময় কাটিয়েছেন জিমেই। এছাড়া উইকেন্ডে নিজ নিজ ক্লাবের হয়ে ম্যাচ খেলে স্কোয়াডে ফিরেছেন তরুণ ডিফেন্ডার ও ফরোয়ার্ডরা।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য এখনো চূড়ান্ত একাদশ ঘোষণা না করলেও আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর এক প্রতিবেদনের সূত্রমতে, স্কালোনি একটি সম্ভাব্য ছক কষে ফেলেছেন। গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজদের ওপর ভরসা রাখছেন তিনি। মাঝমাঠে থাকছেন ম্যাক অ্যালিস্টার-পালাসিওসরা।

তবে এই একাদশের সবচেয়ে বড় কৌশলগত পরিবর্তন দেখা যাচ্ছে আক্রমণভাগে। মেসিকে ছাড়াই লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে জুটি বেঁধে খেলার সুযোগ দিতে যাচ্ছেন স্কালোনি, যা মাঠে মেসি উপস্থিত থাকলে সচরাচর দেখা যেত না। এদিকে আলভারেজ-লাউতারোদের সঙ্গে আক্রমণে জায়গা পেতে পারেন তরুণ বারকো-পাজরা।

আজই কর্দোবার উদ্দেশ্যে রওনা দেবে আর্জেন্টিনা দল, যেখানে আগামী বৃহস্পতিবার তারা মুখোমুখি হবে বলিভিয়ার।