কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুরে বিয়ের প্রলোভনে ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে আদালত একলাখ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল)র বিচারক এএইচ এম শফিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিনের উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা জয় ঘোষের ছেলে রাজিব কুমার ঘোষ (২৫)। 

মামলা সূত্রে জানা যায়, আসামি রাজিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে যাতায়াতের পথে উত্যেক্ত করতো, নানাভাবে কু-প্রস্তাব দিতো। এতেও কিশোরীর কোন সাড়া না পাওয়ায় যুবক রাজিব মরিয়া হয়ে উঠে। তারই জের ধরে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে কিশোরীর বাবা মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে আসামি রাজিব কিশোরীর বাড়িতে যায় এবং তাকে জোরপূর্বক ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এঘটনা যদি কিশোরী কাউকে না বলে তাহলে কিশোরীকে বিয়ে করবে বলে অঙ্গীকার করে আসামি রাজীব। এর পর থেকে কিশোরীর দিনমজুর মা-বাবার অনুপস্থিতির সুযোগে একাধিকবার ধর্ষণ করে আসামি রাজিব। পরে বিয়ের কথা বললে আসামি তাতে অস্বীকৃতি জানায়। এঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী কিশোরী নিজে বাদি হয়ে ধর্ষণের অভিযোগ এনে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায়  আসামি রাজিবকে এজাহার নামীয় আসামি করে মামলা করেন।  

মামলাটির তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মুরাদুল ইসলাম ২০২২ সালের ৩০ ডিসেম্বর ২০০০ (সংশোধনী-৩) সালের ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ এনে যুবক রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, মিরপুর থানার স্কুল ছাত্রী ধর্ষণ অভিযোগে আসামি রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ একলাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দেন আদালত।