আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় হালিম সর্দার (৬০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে বকুল সর্দার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিম সর্দার ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

নিহতের পরিবারের অভিযোগ, সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। এ সময় স্থানীয় বাসিন্দা নজরুলের বাড়ির ছাদ থেকে মান্নান মেম্বার গ্রুপের এক সমর্থক তার দিকে বল্লম ছুড়ে মারেন। বল্লমটি হালিম সর্দারের গলায় বিদ্ধ হয়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় জামে মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে খয়েরপুর গ্রামের মান্নান-বকুল গ্রুপের সঙ্গে ইউসুফ মেম্বার-মেহেদী গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছিল। এরই জেরে শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় হালিম সর্দার বাড়ি থেকে কিছুদূর এগিয়ে গেলে স্থানীয় বাসিন্দা নজরুলের বাড়ির ছাদ থেকে তার দিকে বল্লম ছোড়া হয়। এতে বল্লমটি তার গলায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বকুল সর্দার নামে একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত