আর্থিক সেবার আওতায় আসছেন প্রান্তিক নারীরা, খুলনায় বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের আর্থিক সেবার আওতায় আনা এবং আর্থিক পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে খুলনায় কর্মশালা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নারীদের জন্য বিশেষ ঋণ সুবিধা, ডিজিটাল আর্থিক সেবা, ই-কমার্স ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ বৃদ্ধি এবং আর্থিক সাক্ষরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনার রূপসা উপজেলার সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এনএফআইএস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের (এনএইউ) উদ্যোগে ‘নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনএইউর পরিচালক শায়েমা ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, প্রান্তিক নারীদের আর্থিক সেবার আওতায় আনতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা জরুরি। সহজ শর্তে আর্থিক সেবা নিশ্চিত করার পাশাপাশি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ ঋণ সুবিধা, ডিজিটাল আর্থিক সেবা এবং ই-কমার্স ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে আর্থিক বিষয়ে নারীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়ন করতে হবে।

কর্মশালায় সুবিধাবঞ্চিত নারী ও স্থানীয় নারী উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতার। কর্মশালাস্থলে ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও ক্ষুদ্রঋণ সংস্থার মোট ১০টি সেবাকেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রে প্রান্তিক নারীদের বিভিন্ন আর্থিক সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং হিসাব খোলার সুযোগ দেওয়া হয়। ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান অংশগ্রহণকারী নারীদের সঙ্গে নিয়ে সেবাকেন্দ্রগুলো পরিদর্শন করেন।

বাংলাদেশ ব্যাংকের এ কর্মশালায় বিভিন্ন ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও ক্ষুদ্রঋণ সংস্থার প্রতিনিধি এবং আর্থিক সেবাবঞ্চিত নারীসহ মোট ১২০ জন অংশ নেন।