দেশের ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি কেন্দ্রীভূত রয়েছে ১৫টি ব্যাংকে। এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে। ফলে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ পরিস্থিতি এখনো কয়েকটি ব্যাংককে ঘিরেই সবচেয়ে বেশি সংকটপূর্ণ অবস্থায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিক শেষে দেশের ৬১টি তফসিলি ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণ আগের প্রান্তিকের ৫ লাখ ৮৮ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। এ সময়ে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ২৬ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ৭৮ শতাংশ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, খেলাপি ঋণের বড় অংশ কয়েকটি ব্যাংকে কেন্দ্রীভূত। একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংক বাদ দিলেও বাকি ১০টি ব্যাংকে রয়েছে ব্যাংক খাতের মোট শ্রেণীকৃত ঋণের ৫৭ শতাংশের বেশি। এতে ব্যাংক খাতের সংকট যে সব প্রতিষ্ঠানে সমানভাবে ছড়িয়ে পড়েনি, বরং কয়েকটি ব্যাংকে বেশি প্রকট হয়েছে, তা স্পষ্ট হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, মূলধনের ঘাটতি এবং মুনাফা কমে যাওয়ার মতো দীর্ঘদিনের সমস্যায় ব্যাংক খাত এখনো চাপে রয়েছে। অতিরিক্ত তারল্যের কারণে কিছুটা স্বস্তি তৈরি হলেও ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। আমানতকারীদের আস্থায় কিছুটা উন্নতির ইঙ্গিত পাওয়া গেলেও ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যাংকগুলোর সক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংক খাতের মূলধন পরিস্থিতিও আরও খারাপ হয়েছে। ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে কতটা মূলধন সংরক্ষণ করতে পারছে, তা বোঝা যায় ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের অনুপাত বা সিআরএআর দিয়ে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিক শেষে ব্যাংক খাতের মূলধন ঘাটতি আগের প্রান্তিকের ৩ দশমিক ১৭ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। ফলে মূলধন পর্যাপ্ততার হার বাসেল-৩ নীতিমালায় নির্ধারিত ন্যূনতম ১০ শতাংশের চেয়ে আরও নিচে নেমেছে।
ব্যাংকের ধরন অনুযায়ী মূলধন পরিস্থিতিতে বড় ধরনের দুর্বলতা দেখা গেছে। চতুর্থ প্রান্তিক শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিআরএআর আগের প্রান্তিকের ১ দশমিক ০৮ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৮২ শতাংশে দাঁড়িয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে এ হার ৯ দশমিক ১১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে।
শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অবস্থাও ভালো নয়। একীভূত হওয়া পাঁচটি ব্যাংক বাদ দিলে অন্য শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার আগের প্রান্তিকের ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৩০ শতাংশে নেমেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুরোপুরি শরিয়াহভিত্তিক ১০টি ব্যাংকের আর্থিক অবস্থায় মিশ্র চিত্র দেখা গেছে। বিশেষ করে সম্পদের মান ও মূলধন পর্যাপ্ততার ক্ষেত্রে এসব ব্যাংকের দুর্বলতা এখনো উদ্বেগের কারণ। ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৪৭ শতাংশের বেশি ছিল পুরোপুরি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর। এর প্রধান কারণ একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ।
খেলাপি ঋণ আদায় এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কয়েকটি উদ্যোগের কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে রয়েছে খেলাপি ঋণগ্রহীতাদের জন্য এক্সিট সুবিধা চালু এবং প্রস্তাবিত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট-২০২৬ প্রণয়ন। পাশাপাশি অর্থঋণ আদালত আইন-২০০৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সংস্কার কার্যক্রম ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে সহায়তা করবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, উৎপাদন খাতের ঘুরে দাঁড়ানোর ফলে ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬ শতাংশ হয়েছে। আগের প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ২ শতাংশ।
তবে এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে উৎপাদন খাতের পুনরুদ্ধার অব্যাহত রাখার পাশাপাশি খনি, বিদ্যুৎ, পরিবহন ও নির্মাণ খাতের দুর্বলতা কাটাতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা, জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহসংকট এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় আগামী প্রান্তিকগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। এ ছাড়া বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে গেলে তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল ব্যাহত হলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ কমতে পারে। এর প্রভাব পড়তে পারে প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতেও।
তবে বাংলাদেশ ব্যাংকের মতে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাঝারি মাত্রার অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে।
দীর্ঘমেয়াদে অর্থনীতির ঝুঁকি কমাতে রপ্তানির বাজার ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের নতুন গন্তব্য খুঁজে বের করা এবং বিশ্ববাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার প্রয়োজনীয়তার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।