ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় রয়েল এক্সপ্রেসের দূরপাল্লার বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম নামে এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাদাচর গামের বিল্লার মিয়ার পুত্র।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল কাভার্ডভ্যানের চালকের আসন থেকে শাহ আলমকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বরংগাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লোকমান জানান, মাগুরা থেকে ঢাকার গাবতলীর উদ্দেশে যাচ্ছিল রয়েল এক্সপ্রেসের বাসটি। পথে টেপড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানচালক শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন। বাসের হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।