কাল মুদ্রানীতি ঘোষণা, অপরিবর্তিত থাকছে নীতি সুদহার

চলতি বছরের তৃতীয় মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল বুধবার। মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার ওপরে থাকা, বেসরকারি খাতে ঋণপ্রবাহের দুর্বলতা এবং ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের মধ্যে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নতুন বেতন কাঠামোর কারণে মূল্যস্ফীতির নতুন চাপ সামলানোই হবে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ।

গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। গত জুলাইয়ে প্রায় ছয় বছর পর নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করা হয়েছিল।

এদিকে, ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার, দুর্বল বেসরকারি বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতিও মুদ্রানীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি বৈদেশিক খাতে কিছুটা স্বস্তি দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত রাখার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানো, ব্যাংক খাতের তারল্য ব্যবস্থাপনা এবং বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতার ওপর গুরুত্ব পেতে পারে। আগামী ছয় মাসে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানোর কৌশলই হবে মুদ্রানীতির মূল বিবেচ্য বিষয়।