টেলিকম খাতের মেয়াদোত্তীর্ণ ব্যাটারি পুনর্ব্যবহারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যাকআপ বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে দেশের ডিজিটাল অবকাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ ও টাইগার লিথিয়াম এনার্জি। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সার্কুলার অর্থনীতির চর্চা এবং সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। উদ্যোগটি উভয় প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও পরিবেশগত দায়বদ্ধতার প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানিয়েছে তারা।
ইডটকোর ফ্ল্যাগশিপ করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি ‘টাওয়ার টু পাওয়ার’-এর আওতায় টেলিকম খাতে ব্যবহৃত ও অবসরপ্রাপ্ত ব্যাটারি থেকে প্রযুক্তিগতভাবে কার্যক্ষম সেলগুলো পুনরুদ্ধার করে সেগুলোকে নির্ভরযোগ্য ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থায় রূপান্তর করা হবে।
এসব ব্যাকআপ পাওয়ার সিস্টেম দেশের নির্বাচিত গ্রামীণ স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধাবঞ্চিত অন্যান্য এলাকায় স্থাপন করা হবে। এর মাধ্যমে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জীবনমান ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে।
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, “ইডটকোর কাছে টেকসই উন্নয়ন মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, বরং মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা। আমাদের ‘টাওয়ার টু পাওয়ার’ উদ্যোগের আওতায় এই অংশীদারিত্ব মেয়াদোত্তীর্ণ ব্যবহৃত টেলিকম ব্যাটারিকে নতুনভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করবে। এর ফলে একদিকে যেমন ইলেকট্রনিক বর্জ্য কমবে, অন্যদিকে নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত এলাকার মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ব্যাকআপ বিদ্যুতের সুবিধা পাবে। দায়িত্বশীল উদ্ভাবন কীভাবে সমাজের বাস্তব চাহিদা পূরণ করে অর্থবহ পরিবর্তন আনতে পারে, এই উদ্যোগ তারই একটি বাস্তব উদাহরণ।”
ইডটকোর ‘টাওয়ার টু পাওয়ার’ সিএসআর প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশে এক লাখের বেশি মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই অংশীদারিত্ব সেই কার্যক্রমকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।
ইডটকোর পক্ষ থেকে জানানো হয়, উদ্যোগটি তাদের পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত প্রতিশ্রুতির অংশ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ডিজিটাল অবকাঠামো ও সম্পদ ব্যবস্থাপনায় নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইডটকো বাংলাদেশ ও টাইগার লিথিয়াম এনার্জি অবসরপ্রাপ্ত টেলিকম ব্যাটারিকে পরিবেশবান্ধব ব্যাকআপ বিদ্যুৎ সমাধানে রূপান্তর করবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ব্যবহৃত ব্যাটারির পুনর্ব্যবহার ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায়ও অবদান রাখার লক্ষ্য রয়েছে।