‘পায়ে ব্যথা’র কারণে আদালতে আসেননি পরীমনি , অভিযোগ গঠন শুনানি ১৭ নভেম্বর

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।

পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে হাজিরা দেন এবং শুনানি পেছানোর আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোয়াজ্জম হোসেন ওই আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, আসামি (পরীমনি) কয়েক বছর ধরে আদালতে না এসে সময় প্রার্থনা করছেন, যা অগ্রহণযোগ্য। তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের আবেদন করেন। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদনও বাতিলের দাবি জানান।

অন্যদিকে পরীমনির সময়ের আবেদনে বলা হয়, পরীমনি অসুস্থ। কিছুদিন আগে তিনি পায়ে আঘাত পেয়েছেন। পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ কারণে তিনি আদালতে আসতে পারেননি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নতুন তারিখ রাখেন।

মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন।

২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।

একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। হাইকোর্ট পরীমনির মামলা চলতে পারে বলে রায় দেন।