আদালতে আসেননি পরীমনি, তাকে হত্যা চেষ্টা মামলায় জেরা ৩০ নভেম্বর 

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

চিত্রনায়কা পরীমনিকে ধর্ষনচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় ৩০ নভেম্বর জেরার দিন ধার্য করেছে আদালত। আজ রবিবার শুনানির নির্ধারিত তারিখে আদালতে না আসায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৯ এর বিচারক শাহাদাৎ হোসেন এ দিন ধার্য করেন।

এদিন বেলা ১১টার দিকে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে বলেন, পরীমনি আদালতে আসবেন। ১২টার দিকে যেন জেরার জন্য রাখা হয়। সে অনুযায়ী পরীমনিকে জেরার জন্য দুপুর ১২টায় সময় ধার্য রাখে আদালত।

পরে ১২ টার দিকে দুই দফায় পরীমনির নাম ধরে ডাকা হলেও তিনি তখনও আদালতে এসে পৌঁছাননি। তার আইনজীবী জানান, যানজটে পরীমনির আদালতে আসতে সময় লাগছে। একপর্যায়ে আদালত শুনানির নতুন দিন ধার্য করেন।

আসামিরাও তখন হাজিরা দিয়ে চলে যান। এ মামলার আসামি হলেন, নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা সকলেই জামিনে আছেন। 

পরীমনি ঢাকার পাশের বিরুলিয়ায় তুরাগ তীরে অবস্থিত ‘বোট ক্লাব’ এ ২০২১ সালের ৮ জুন হেনস্তার শিকার হন বলে অভিযোগ তোলার পর তা নিয়ে তখন শোরগোল পড়ে যায়। ১৩ জুন রাতে পরীমনি এক ফেইসবুক পোস্টে বোট ক্লাবে তাকে শারীরিকভাবে নির্যাতন, ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ করেন। পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পর গুলশানে তার নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান পরীমনি।

পরদিন সাভার মডেল থানায় এ মামলাটি করেন তিনি। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক কামাল হোসেন আসামি নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। ওই বছরের ২৯ নভেম্বর আদালতে এসে জবানবন্দি দেন পরীমনি। পরীমনির মামলার বিচার চলছে রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা ট্রায়ালে)। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত