২৩ বছর পর ইরাক ছাড়ল যুক্তরাষ্ট্রের সেনারা

দুই দশকেরও বেশি সময় ধরে চলা সামরিক সম্পৃক্ততার অবসান ঘটিয়ে ইরাক থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির পুরোপুরি সমাপ্তি ঘটল। ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে ইরাকে আগ্রাসন শুরু করেছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘ সংঘাতের পর ২০১১ সালের শেষে দিকে দেশ ইরাক থেকে সরে যায় যুক্তরাষ্ট্র। এরপর ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাস্ত করতে আবারও দেশটিতে সেনা মোতায়েন করে ওয়াশিংটন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকে ২৩ বছরের সংঘাতে যুক্তরাষ্ট্রের সাড়ে চার হাজারের বেশি সেনা নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে ২০২৪ সালে এই সেনা প্রত্যাহারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তা বাস্তবায়ন করছে, যদিও একই সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই প্রস্থান তেহরান এবং এর শক্তিশালী মিত্রদের জন্য অবাধ সুযোগ তৈরি করে দিতে পারে। একই সঙ্গে ইসলামিক স্টেটসহ (আইএস) যুক্তরাষ্ট্রের অন্য প্রতিপক্ষদেরও নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার ৫০০ সেনা মোতায়েন ছিল।