কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহআলম (৪৪)।

উপজেলা পরিষদ সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক নেতৃত্ব দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবন কালে হাতে নাতে তিন মাদক সেবনকারীকে আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ইয়াবা সেবনের সময় আটককৃত শাকিলের কাছ থেকে তিনটি ইয়াবা উদ্ধার করা হয়। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাসুদুর মাউলার কাছ থেকে দুটি ইয়াবা উদ্ধার হওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও শাহআলমের কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাকেও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. উমর ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যাক্তি যেই হউক তাদের আটক করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় ভ্রম্যমান আদালতকে সহযোগিতা করেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।