ফরিদপুরের নগরকান্দায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মিরাজ শেখ নামে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় আদালতে আসামি উপস্থিতিতে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ (৩৫) নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গি গ্রামের মো. মেহের শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে মিরাজ শেখের বাড়ির সামনে খেলা করছিল মেয়েটি। এর এক পর্যায়ে মিরাজ শেখ সুকৌশলে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে যায় । পরবর্তীতে মেয়েটি ধর্ষণচেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নগরকান্দা থানা মামলা দায়ের করে। নগরকান্দা থানার সাব ইন্সপেক্টর মনিরুজ্জামান দীর্ঘ তদন্ত শেষে মো. মিরাজ শেখকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালতে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বুধবার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মিরাজ শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।