আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে তার বৃদ্ধা মা সামসুন নাহার তসলিম ও প্রবাসী ভাই অধ্যাপক শাহনেওয়াজ আহমেদ শিশিরকে নিজ বাড়িতে অবরুদ্ধ রাখার অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা জজকোর্টে কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ অভিযোগ করেন তুরিন আফরোজের প্রবাসী ভাই অধ্যাপক শাহনেওয়াজ আহমেদ শিশির।
তার অভিযোগ, উচ্চ আদালতের রায়ের পরও নিজের বাড়িতে তিনি ও তার মা অবরুদ্ধ।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি করে সংবাদ সম্মেলনে অভিযোগে অধ্যাপক শাহনেওয়াজ আহমেদ শিশির বলেন, নিজের সাড়ে ৭ কাঠা জমির ওপর করা ৬ তলা বাড়ির মধ্যে ৮ ফুট বাই ৮ ফুট একটি ঘরে সিকিউরিটি গার্ড ও কেয়ারটেকারের সঙ্গে গাদাগাদি করে অবরুদ্ধ জীবনযাপন করছেন। সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দিয়ে তাদের প্রতি মুহূর্তের গতিবিধি পর্যবেক্ষণ করে মানসিক নিপীড়ন চালানো হচ্ছে।
শিশিরের অভিযোগ, কারারুদ্ধ তুরিন আফরোজ কেন্দ্রীয় কারাগার থেকেই কলকাঠি নাড়ছেন। নিজের ১৯ বছরের মেয়েকে জঘন্য রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে।
তুরিন আফরোজের একটি সন্ত্রাসী চক্র প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে ধৃষ্টতার সঙ্গে বলছেন- আগামী ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে এসে শপথ নিলে তখন এই বাড়ি থেকে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে বলেও হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তুরিন আফরোজের ভাই অধ্যাপক শাহনেওয়াজ আহমেদ শিশির।