জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব তাজুল ইসলামের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সাইদুজ্জামান তাদের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম।
আবেদনে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দুই সদস্যের টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে ওই দুই ব্যক্তির বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন মাধ্যমে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ অবস্থায় অনুসন্ধান শেষ হওয়ার আগে ব্যাংক হিসাবে থাকা অর্থ বা অন্যান্য অস্থাবর সম্পদ স্থানান্তর, রূপান্তর কিংবা অন্যভাবে সরিয়ে নেওয়া হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে সংশ্লিষ্ট ২৫টি ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, আবু হেনা রহমাতুল মুনীমের ১৪ টি ও তাজুল ইসলামের ১১ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছে।