সবজি বিক্রেতা হত্যা, ফের আলোচনায় স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা

চট্টগ্রামে পুলিশ পেটানোর হুমকি দেওয়া মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সেই নেতা ওয়াকিল হোসেন বগাকে নিয়ে ফের আলোচনা। এবার সবজিবিক্রেতা এক কিশোর হত্যাকাণ্ডে বগা বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।

তবে দল থেকে বহিষ্কার হওয়ার পর থেকে ওয়াকিল হোসেন বগা পলাতক রয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ জানায়, মোহাম্মদ হৃদয় নামে এক কিশোরকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা বগার বাসায় ডেকে নেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পরই হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। 

উক্ত এলাকায় রাস্তায় অবৈধভাবে বসানো শাকসবজির দোকান থেকে চাঁদাবাজি ও সিনিয়র-জুনিয়র বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, নিহত মোহাম্মদ হৃদয়ের (১৭) বাসা ওয়্যারলেস কলোনি। সেখানে সড়কের পাশে দোকান বসিয়ে শাকসবজি বিক্রি করত সে। হৃদয়ের বাবা অন্ধ। সেজন্য বাবার দোকানে বসে সবজি বিক্রি করত হৃদয়। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বাসায় ফিরে ভাত খেতে বসেছিলেন হৃদয়। সে-সময় কামরুল নামে এক যুবক গিয়ে তাকে ডেকে নিয়ে যান। আধাঘণ্টা পর হৃদয়ের বাবা দোকানে বসা অবস্থায় শুনতে পান তার ছেলেকে তালতলা এলাকায় কে বা কারা ছুরি মেরেছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবদুর রহিম বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, হৃদয়কে তার বাসা থেকে ডেকে ওয়াকিল হোসেন বগার অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পরপরই তাকে ছুরি মারা হয়। সিনিয়র- জুনিয়রদের মধ্যে বিরোধের একটা বিষয় সবাই বলছেন। আমরা তদন্ত করে দেখছি।’

পরিবারের দাবি, হৃদয় কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। ওসি আব্দুর রহিমও একই তথ্য দিয়েছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, ‘ওয়্যারলেস কলোনিসহ আশপাশের এলাকায় ওয়াকিল হোসেন বগা সড়কে-ফুটপাতে অনেক অবৈধ দোকানপাট বসিয়েছেন। ভাড়ার নামে তাদের কাছ থেকে চাঁদা আদায় করেন বগা ও তার লোকজন। এমনই এক অবৈধ দোকানে সবজি বিক্রি করতেন হৃদয়। বগার চাঁদা আদায়কারী কর্মীদের সঙ্গে বিরোধ মীমাংসার জন্য তাকে অফিসে ডেকে নেওয়া হয়েছিল। সেই বিরোধের জেরেই প্রাণ হারিয়েছে হৃদয়।’

আলোচিত ওয়াকিল হোসেন বগা (৪২)। যাকে ‘বিহারি বগা’ নামে চেনে সবাই। বাসা নগরের ওয়্যারলেস কলোনি এলাকায়। তিনি ২৩ মামলার আসামি। পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম আছে। অপরাধকর্মে যুক্ত থাকায় গত ৮ জুন বহিষ্কার হয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে। কিন্তু রাজনীতির মাঠে নিষ্ক্রিয় নন। জোরেশোরে চালাচ্ছেন কাউন্সিলর নির্বাচনের প্রস্তুতিও।