ইবিএলের ব্যবস্থাপনায় সামুদা শিপিংয়ের জন্য ১০ মিলিয়ন মা.ডলার শরিয়াহসম্মত অর্থায়ন

অ্যারেঞ্জার, সিকিউরিটি এজেন্ট ও অ্যাকাউন্ট ব্যাংক হিসেবে টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি প্রতিষ্ঠান সামুদা শিপিং লিমিটেডের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলারের শরিয়াহসম্মত মেয়াদী অর্থায়নের ব্যবস্থা করেছে ইবিএল।

এই অর্থায়নের মাধ্যমে ২২,০০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন ভোজ্যতেলবাহী জাহাজ ‘এমটি সামুদা’ অধিগ্রহণ করা হবে। জাহাজটি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ প্রধান আঞ্চলিক  বাজারগুলো থেকে আমদানিকৃত ক্রুড পাম অয়েল টিকে-সামুদা গ্রুপের ভোজ্যতেল পরিশোধনাগারগুলোতে সরবরাহে সহায়তা করবে। পাশাপাশি তৃতীয় পক্ষের জন্যও জাহাজটি চার্টারের  সুযোগ থাকবে। 

১৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের জাহাজটি অধিগ্রহণে ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি)-এর কাছ থেকে ৭ বছর মেয়াদি ১০ মিলিয়ন মার্কিন ডলারের শরিয়াহসম্মত অর্থায়ন সুবিধা নেওয়া হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার দ্য ওয়েস্টিনে এ লেনদেনের ডিল ক্লোজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইবিএল প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ বলেন, “এই লেনদেনের মাধ্যমে আইসিডির বহুপাক্ষিক উন্নয়ন অর্থায়নের অভিজ্ঞতা এবং বাংলাদেশের বাজার সম্পর্কে ইবিএলের গভীর জ্ঞান সমন্বিত হয়েছে। অধিগ্রহণটি বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও কৃষিভিত্তিক শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমরা আশা করি।”

অনুষ্ঠানে সামুদা শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা হায়দার, ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টরের ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আশেক মঈদ এবং সামুদা শিপিং, আইসিডি ও ইবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।