টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে (কোয়ার্টার) চমৎকার পারফরম্যান্সের জন্য শীর্ষ মার্চেন্টদের স্বীকৃতি দিয়েছে পাঠাও কুরিয়ার। এ উপলক্ষে আয়োজিত ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ অনুষ্ঠানে চারটি বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে একজন মার্চেন্টকে ওমরাহ প্যাকেজ এবং তিনজনকে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ উপহার দেওয়া হয়েছে।

পাঠাওয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্টার মার্চেন্ট হিসেবে স্বীকৃতি পেয়ে ওমরাহ প্যাকেজ পেয়েছে ‘ফালাক ফুড’। টপ মার্চেন্ট হিসেবে ‘আশ-শিফা অর্গানিক কেয়ার’ ও ‘মিলানা’ পেয়েছে একটি করে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ। অন্যদিকে, ‘গুড ওয়ান’ টপ ইনস্টাপ মার্চেন্ট হিসেবে পুরস্কৃত হয়ে একই ভ্রমণ প্যাকেজ পেয়েছে।

পাঠাও কুরিয়ারের চিফ অপারেটিং অফিসার আহমেদ দেলোয়ার হোসেন মারুফ বলেন, “প্রতিটি মার্চেন্টের সাফল্য আমাদের পুরো ইকোসিস্টেমের অগ্রগতির সঙ্গে জড়িত। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের পরিশ্রম ও সফলতাকে সম্মান জানাচ্ছি। পাঠাও কুরিয়ার সবসময় মার্চেন্টদের ব্যবসা আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় প্রযুক্তি, সেবা ও সহায়তা দিয়ে থাকে।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ শুধু ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি নয়; মার্চেন্টদের পরিশ্রম ও অগ্রযাত্রাকে উদযাপনেরও একটি মাধ্যম। প্রতিটি অর্ডারের পেছনে থাকা মার্চেন্টরা নিজেদের ব্যবসার বিকাশ ও গ্রাহকসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তাদের এই পথচলায় নির্ভরযোগ্য ডেলিভারি সেবার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ।

মার্চেন্টদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে সহায়তার জন্য পাঠাও ‘পাঠাও কমার্স’ নামে একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্মও চালু করেছে। এতে স্টোরফ্রন্ট, বিক্রয় চ্যানেল, অর্ডার, ইনভেন্টরি, পেমেন্ট, ডেলিভারি ও গ্রাহক যোগাযোগের ব্যবস্থাগুলো একটি প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।

পুরস্কার প্রসঙ্গে প্রতিষ্ঠানটি জানায়, মার্চেন্টদের ব্যবসায়িক অর্জনকে স্মরণীয় অভিজ্ঞতায় রূপ দেওয়ার লক্ষ্যেই পুরস্কারগুলো বাছাই করা হয়েছে। ওমরাহ যাত্রার পাশাপাশি প্রিয়জনকে নিয়ে কক্সবাজার ভ্রমণের সুযোগও দেওয়া হয়েছে এবারের সম্মাননায়।

ফালাক ফুডের প্রতিনিধি বলেন, ‘স্টার মার্চেন্ট হিসেবে সম্মাননা পাওয়া এবং সঙ্গে ওমরাহ প্যাকেজ জিতে নেওয়া আমার জন্য খুবই আনন্দের। ওমরাহ করা আমার অনেক দিনের স্বপ্ন। এই স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য পাঠাও কুরিয়ারকে আন্তরিক ধন্যবাদ।’

মিলানার প্রতিনিধি বলেন, ‘টপ মার্চেন্ট হিসেবে সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত। এই সম্মাননা আমার পরিশ্রমের জন্য বড় অনুপ্রেরণা। এর সঙ্গে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ উপহার পাওয়ায় আনন্দ আরও বেড়েছে। পাঠাও কুরিয়ারকে অনেক ধন্যবাদ।’

পাঠাও কুরিয়ার জানায়, দেশের ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে তারা কাজ করছে। ‘সেরা মার্চেন্ট সম্মাননা’র মতো উদ্যোগের মাধ্যমে এসব ব্যবসায়ীকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকসসহ বিভিন্ন ডিজিটাল সেবা দিচ্ছে। পাঠাওয়ের তথ্য অনুযায়ী, তাদের ১ কোটি ৫০ লাখের বেশি ব্যবহারকারী, ৪ লাখ পাঠাও হিরো, ২ লাখ মার্চেন্ট এবং ১৫ হাজার রেস্টুরেন্ট পার্টনার রয়েছে। প্রতিষ্ঠানটি সারা দেশে প্রায় ১০ লাখ উপার্জনের সুযোগ তৈরি করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত