আজ ৩০ সেপ্টেম্বর ছিল বুম্বাদা’খ্যাত টলিউড তারকা প্রসেনজিৎ চ্যাটার্জির জন্মদিন। আর এই বিশেষ দিনেই সামনে এল অভিনেতার ‘জাদুকর সত্যচরণ’-এর লুক। সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘জাদুকর সত্যচরণ’-এ একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে এই সুপারস্টারকে। স্টারমার্ক সিনেমাস এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি এই ছবির নামেই যেমন রয়েছে জাদুর ইঙ্গিত, তেমনই গল্পের পরতে পরতে থাকবে রহস্য। ছবির কেন্দ্রীয় চরিত্র সত্যচরণ একজন খ্যাতনামা ম্যাজিশিয়ান। তবে তার পরিচয় যতটা সহজ বলে মনে হয়, গল্প যত এগোবে সেই ধারণাই তত বদলাতে পারে। তার অতীত, উদ্দেশ্য এবং এক অদ্ভুত রহস্যময় জগতের সঙ্গে তার সম্পর্ক—সবকিছুই আপাতত নির্মাতাদের গোপনীয়তার আড়ালে। ফলে ‘জাদুকর সত্যচরণ’কে শুধুমাত্র কোনো জাদুকরের জীবনকাহিনি হিসেবে দেখার সুযোগ নেই। বরং ম্যাজিকের কৌশলের আড়ালে লুকিয়ে থাকা সত্যই হয়ে উঠবে গল্পের অন্যতম চালিকাশক্তি।
কাহিনির পটভূমি বেনারস। তবে বর্তমান সময়ের শহর নয়, গল্প এগোবে ২০০৫-০৬ সালের সময়কে ঘিরে। সেই সময়ের বেনারসের গলি, পরিবেশ, সংস্কৃতি এবং শহরের নিজস্ব রহস্যময় আবহকে গল্পের সঙ্গে মিশিয়ে তৈরি করা হবে ছবির দুনিয়া। বাস্তবের সঙ্গে কল্পনা, দৃশ্যমানের সঙ্গে অদৃশ্য—এই দুইয়ের সীমারেখা ছবিতে বারবার বদলে যেতে পারে।সত্যচরণের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্র চন্দন। এই চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী। ছবির লেখার দায়িত্বও রয়েছে তাঁর হাতে। চন্দনের সঙ্গে সত্যচরণের সম্পর্ক কী, আর মূল রহস্যে তাঁর ভূমিকা কতটা গভীর, তা এখনও প্রকাশ্যে আনা হয়নি। পাশাপাশি কাহিনিতে রয়েছে কালভৈরব এবং কঙ্কাবতী। কঙ্কাবতী গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা চরিত্র। এই চার চরিত্রকে ঘিরেই ধীরে ধীরে খুলবে রহস্যের দরজা।
অভিনয় তালিকাতেও রয়েছে একাধিক পরিচিত মুখ। প্রসেনজিৎ ও সব্যসাচীর সঙ্গে দেখা যাবে ইশা সাহা, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত-সহ আরও অনেককে। সব পরিকল্পনা ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘জাদুকর সত্যচরণ’।