রণবীর সিংয়ের বিপরীতে কল্যাণীর বলিউড অভিষেক

দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত মুখ কল্যাণী প্রিয়দর্শন এবার পা রাখছেন বলিউডে। জয় মেহতা পরিচালিত জম্বি অ্যাকশন থ্রিলার ‘প্রলয়’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় তার অভিষেক হতে যাচ্ছে, যেখানে তিনি জুটি বেঁধেছেন তারকা অভিনেতা রণবীর সিংয়ের বিপরীতে।

বিখ্যাত নির্মাতা প্রিয়দর্শন ও অভিনেত্রী লিসির মেয়ে হওয়ায় শুটিং সেটে বেড়ে উঠলেও সন্তানদের অভিনয়ের কঠিন পেশায় আসা পছন্দ ছিল না পরিবারের। তবে সেই পারিবারিক শঙ্কা পেরিয়েই অভিনয়ে সফল ক্যারিয়ার গড়েছেন কল্যাণী। এবার বলিউডের বড় বাজেটের এই প্রজেক্টের জন্য নিজের কাজের ঠিকানা মুম্বাইয়ে স্থানান্তরিত করেছেন তিনি। মুম্বাইয়ের জুহুতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পুরোদমে সিনেমাটির প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজেকে মানিয়ে নিতে চলতি বছরের মে মাস থেকেই কঠোর কায়িক প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। চরিত্রের প্রয়োজনে শরীর ছিপছিপে রাখতে মেনে চলছেন বিশেষ ডায়েট চার্ট। রণবীর সিংয়ের সঙ্গে একাধিক ওয়ার্কশপ, স্ক্রিপ্ট রিডিং ও রিহার্সালেও অংশ নিয়েছেন তিনি। এমনকি কাজের প্রতি নিখাদ একাগ্রতার কারণে পরিবার ছাড়া মুম্বাইয়ে বসেই তাকে কাটাতে হয়েছে ওনামের মতো বড় উৎসব।

অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিনেমাটির পরবর্তী ধাপের শুটিং চলবে ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া কার্তির বিপরীতে ‘মার্শাল’ এবং ব্যবসাসফল ছবি ‘লোকা’র সিক্যুয়েলেও দেখা যাবে এই অভিনেত্রীকে।