ফিফা আসিয়ান কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ দেখছে বাংলাদেশ। ম্যাচটি শুধু টুর্নামেন্টের শেষ আনুষ্ঠানিকতা নয়, নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিরও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং স্টাফ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচর করবে।
সোমবার সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর এখন শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্স উপহার দিতে চান জামাল ভূঁইয়ারা। গতকাল শেষ অনুশীলনের পর অধিনায়ক বলেন, ‘পুরো দল প্রথম ম্যাচে সংগ্রাম করেছে। তবে দ্বিতীয় ম্যাচে আমরা অনেক ভালো খেলেছি এবং আত্মবিশ্বাসও বেড়েছে। ইন্দোনেশিয়া নিজেদের মাঠে খেলবে এবং আমরা জানি, তারা আধিপত্য বিস্তার করবে। তবে আমাদের পরিকল্পনা আছে। তাদের সেট-পিস এবং দুই বিপজ্জনক ফরোয়ার্ড নিয়ে আমরা কাজ করেছি। আমাদের খুব সতর্ক থাকতে হবে।’
সম্প্রতি ভারত ও পাকিস্তান আঞ্চলিক ফুটবলে তুলনামূলকভাবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অপ্রত্যাশিত ফল পেয়েছে। তবে অন্য দলের ফল নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে চান জামাল। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আমরা জিতলে জিতব, ড্র করলেও সেটি ভালো ফল। তবে আমরা সমর্থকদের ভালো একটি পারফরম্যান্স দিতে চাই। কারণ তাদের কাছে আমাদের কিছু দেওয়ার আছে। অন্য দলগুলো কী করছে, সেটি তাদের বিষয়। আমাদের পুরো মনোযোগ নিজেদের দিকে এবং কোথায় উন্নতি করতে হবে, সেদিকে রাখতে হবে।’