মুশফিকদের সঙ্গে যাচ্ছেন না শান্ত

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ এএম

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একমাত্র টেস্টের সূচি আগেই ঘোষণা করেছে স্বাগতিকরা। গতকাল ভেন্যুও নিশ্চিত হয়ে গেছে। আগামী ৯ অক্টোবর আবুধাবিতে হবে দুই দলের এই লড়াই। এ জন্য আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা টেস্ট দলের সদস্য মুশফিকুর রহিম, মুমিনুল হকদের। তবে ঢাকায় থাকলেও একই সঙ্গে যেতে পারছেন না টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বর্তমানে জ¦রে ভুগছেন তিনি। এই অসুস্থতার জন্য জাপানে এশিয়ান গেমস খেলতে গিয়েও মাঠে না নেমেই ফিরে এসেছেন। সুস্থ হলে কয়েকদিন পর দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন এই বাঁহাতি ব্যাটার।

এ নিয়ে গতকাল মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘শান্ত কিছুটা জ¦রে ভুগছিল। আমরা সতর্কতা হিসেবে তাকে এশিয়ান গেমস থেকে বাংলাদেশে নিয়ে এসেছি। আজ (গতকাল) সে ডাক্তারের শরণাপন্ন হয়েছে। তবে ওর জ¦রের যে অবস্থা সেটা আমরা যতটুকু জানতে পেরেছি বা ডাক্তার যে মূল্যায়ন করেছে, সে সুস্থতার দিকে এগোচ্ছে এবং আমরা খুবই আশাবাদী যে সে যথাসময়ে দলের সঙ্গে যোগ দিতে পারবে। যদিও কাল (আজ) ভ্রমণ করবে না, তবে আমাদের আনুষ্ঠানিক টুর্নামেন্ট সিরিজ তো ৫ তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা বিশ্বাস করি যথাসময়ে সুস্থ শান্তকে আমরা পাব।’

এশিয়ান গেমস খেলতে যারা জাপানে আছেন, তারা পৌঁছাবেন আগামী ৬ অক্টোবর। তবে লিটন দাস, তাওহীদ হৃদয়রা দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই আমিরাতের বিপক্ষে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিক-মুমিনুলরা। দুবাইয়ে এই ম্যাচটি শুরু হবে আগামী ৪ অক্টোবর। এই টেস্ট শেষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত