পদক নিশ্চিত করতে নামছেন লিটনরা

এশিয়ান গেমস খেলতে জাপানে পা রাখার পর থেকেই বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ পুরুষ দলের ক্রিকেটারদের। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের চার ম্যাচই বৃষ্টির তোড়ে পরিত্যক্ত হয়, এর একটি ছিল লিটন দাসদের। যদিও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধা পেয়েছে বাংলাদেশ দল। মালয়েশিয়ার বিপক্ষে সেই লড়াইয়ে মাঠে নামতে না হলেও সেমিফাইনালের টিকিট পায় লাল-সবুজের প্রতিনিধিরা। আজ নাগোয়ার করোগি স্পোর্টস পার্কে শেষ চারে লিটনদের প্রতিপক্ষ পাকিস্তান।

ম্যাচটি শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল ৯টায়। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় সেখানকার আবহাওয়া। বৃষ্টিতে ভেজা মাঠ এখনো পুরোপুরি শুকায়নি। যদিও ম্যাচের আগের দিন গতকাল নাগোয়ার আকাশে রোদের দেখা পেয়েছেন ইয়াসির আলী রাব্বিরা। তাতে জাপানে পৌঁছানোর পর প্রথমবারের মতো মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছেন তারা। এজন্য বেশ স্বস্তি প্রকাশ করেন রাব্বি, ‘জাপানে আসার পর আজই (গতকাল) প্রথম রোদ দেখলাম। মাঠে অনুশীলনও করেছি। আবহাওয়া এমন থাকলে আগামীকাল (আজ) ভালো খেলার আশা করছি।’

বৃষ্টির কারণে বাংলাদেশ দল এর আগে মাঠে অনুশীলনের সুযোগ পায়নি। এজন্য ম্যাচের আগে প্রস্তুতিতে কিছুটা হলেও ঘাটতি পড়েছে। তবে মানসিকভাবে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছেন ক্রিকেটাররা। নেট অনুশীলনের পাশাপাশি ফুটবল খেলে নিজেদের ব্যস্ত রেখেছেন বলে দাবি রাব্বির, ‘অনুশীলন তো সেভাবে হয়নি, মানসিকভাবে আমরা প্রস্তুত থাকার চেষ্টা করি। নেট অনুশীলন করেছি, ফুটবল মাঠে খেলেছি।’

সেমিফাইনালের আগে অসুস্থতার কারণে দেশে ফিরে এসেছেন অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তবে বিষয়টি হতাশাজনক হলেও সেটিকে নিয়ে পড়ে থাকতে চান না রাব্বি, ‘এটা আনফরচুনেট, ওকে চলে যেতে হচ্ছে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ব্যাটিং অর্ডার যা আছে, আমাদের এগিয়ে যেতে হবে।’

অন্যদিকে পাকিস্তান এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল নেয়নি। তবু প্রতিপক্ষকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। পাকিস্তানের দলে ভালো মানের কয়েকজন ক্রিকেটার আছেন, আর টি-টোয়েন্টিতে তাদের সামগ্রিক রেকর্ডও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দল ২৬ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে মাত্র পাঁচ ম্যাচে, পাকিস্তানের জয় ২১টিতে। অবশ্য লিটনদের জয় বেশি এসেছে সাম্প্রতিক সময়ে। ২০২৫ সালে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জেতে।

বর্তমান টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। সর্বশেষ র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ষষ্ঠ, বাংলাদেশের অষ্টম। এই র‌্যাংকিংয়ের ব্যবধানই সেমিফাইনালে বৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ নকআউট পর্বের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন সম্ভব না হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দল ফাইনালে উঠবে।