গাজীপুরে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বহিষ্কৃত মো. রিজভী শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে। ভুক্তভোগীর পরিবার রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে কলেজ যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করতেন ছাত্রদল নেতা রিজভী। বিষয়টি ভুক্তভোগীর পরিবার ছাত্রদল নেতার পরিবারে জানালে তারা অভিযুক্ত রিজভীকে শাসন না করে উল্টো বিয়ের প্রস্তাব পাঠান। ভুক্তভোগীর পরিবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে ক্ষুব্ধ হয় রিজভী। এরপর গত ২৮ সেপ্টেম্বর সকালে কলেজছাত্রী তার বাসার সামনে দোকানে কেনাকাটা করতে গেলে সেখানে আগেই থেকেই কয়েকজন সহযোগী নিয়ে উপস্থিত রিজভী তাকে টেনেহিঁচড়ে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওইদিনই গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক পত্রে রিজভীকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানানো হয়।