মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চট্টগ্রামে মাকে গলা কেটে হত্যার দায়ে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন। সুমিত চৌধুরী (৩১) সাতকানিয়ার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী এসএম কাওসার সাগর  বলেন,  ‘মাকে গলা কেটে হত্যার অভিযোগে ছেলে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে।’ জানা গেছে, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে চট্টগ্রাম  নগরের গোসাইল ডাঙ্গার সাসটেইন টাওয়ারের একটি ফ্ল্যাটে কুমকুম চৌধুরীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার দিন নিহতের বড় ছেলে সোমনাথ চৌধুরী প্রকাশ সুজন বাসায় ফিরে তার মাকে বেডরুমের বিছানায় গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় সুমিতের ঘাড়েও রক্তাক্ত জখম ছিল। সুমিত তার ভাইকে জানান, তিনি মাকে হত্যা করেছেন এবং নিজেও দা দিয়ে নিজের ঘাড়ে আঘাত করেছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৭ সালের ২৩ জুলাই আদালতে সুমিতের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।