শিক্ষার্থী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

মৌলভীবাজারে চাঞ্চল্যকর কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদন্ড ও পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত। গতকাল বুধবার সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন ইসলাম কারাগারে রয়েছেন। আর নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক। অপরদিকে খালাসপ্রাপ্ত আসামিরা হলেন ইমন মিয়া, আলামিন, শাকিল আহমেদ, পারভীন বেগম, রুকসানা আক্তার জেসি।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া গ্রামের বাসিন্দা কলেজছাত্র রেজাউল করিম নাঈম একটি ফেইক ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়েছে, এমন অভিযোগ এনে একই এলাকার নুরুল মিয়ার নেতৃত্বে ২০২৩ সালের ৭ নভেম্বর রাত ৮টার দিকে ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে হামলা চালায়। হামলাকারীরা নাঈমের বাবা চেরাগ মিয়াকে মারধর শুরু করলে তাকে রক্ষা করতে নাঈমসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে যান। এ সময় হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এ সময় নাঈম আত্মরক্ষার্থে একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেও হামলাকারীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে নাঈমকে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর ভোরে তার মৃত্যু হয়। নিহত নাঈম মৌলভীবাজার সরকারি কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিল। এ ঘটনায় নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

রায়ের পর নাঈমের বাবা চেরাগ মিয়া সন্তোষ প্রকাশ করে বলেন, ‘যে রায় হইছে, আমি আদালতের প্রতি ভীষণ সন্তুষ্ট আছি। আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী যে ভবিষ্যতেও এই ধরনের কোনো মার্ডার মামলা হয়, এইভাবে কোনো মা-বাবার কোল খালি হয়, এইভাবে যেন প্রতিটা জজ সাহেব সুন্দরভাবে, সন্তোষজনক এইভাবে রায় দিতে পারেন। আমি সবার জন্য কামনা করতেছি এবং উনাদের প্রতি সম্মান দিচ্ছি, উনাদের সম্মান জানাচ্ছি। যে এই যে উপযুক্ত বিচারটা করছেন, এই উপযুক্ত বিচারের জন্য আমি সন্তুষ্ট হয়েছি। উনারে আমার ভাষায় প্রকাশ করার নাই, উনারে আমি কী বলে সন্তুষ্টি প্রকাশ করব।’

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, ‘আজকে (গতকাল বুধবার) একটা চাঞ্চল্যকর হত্যা মামলার রায় হয়েছে। রায়ে আসামি মো. নুরুল ইসলাম এবং মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি, আনোয়ার হোসেন এই চারজন আসামির প্রত্যেকের ৩০২/৩৪ ধারায় মৃত্যুদ-ের আদেশ প্রদান করা হয়েছে। উক্ত রায় জেলা ও দায়রা জজ দিয়েছেন। বাকি আসামিদেরকে খালাস প্রদান করা হয়েছে। তাদেরকে ১৪৩/১৪৮/৩২৩/৩০২ ও ৩৪ ধারার অভিযোগে হতে খালাস প্রদান করা হয়েছে।’