সেপ্টেম্বরে সারা দেশে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার

সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১ জনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতি মাসে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে থাকে সংগঠনটি।

গতকাল বুধবার প্রতিবেদনের তথ্য তুলে ধরে এমএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে ‘মব’ সহিংসতার অন্তত ৬৫টি ঘটনায় ২৩ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। আগস্ট মাসের তুলনায় নিহতের সংখ্যা কমলেও এ ধরনের ঘটনা উদ্বেগজনক বলে মনে করছে তারা।

এমএসএফের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে কারা হেফাজতে মৃত্যু আগের মাসের তুলনায় বেড়েছে দ্বিগুণের বেশি। সেপ্টেম্বরে কারা হেফাজতে ২৪ জনের মৃত্যু হয়েছে, যেখানে আগস্টে এই সংখ্যা ছিল ৯। একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে একজন নারীর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করেছে এমএসএফ। রাজনৈতিক সহিংসতায় ৩৮৪ জন আহত এবং অন্তত একজন নিহত হন। অজ্ঞাত হামলায় আরও সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে এমএসএফ।

এমএসএফ বলছে, সেপ্টেম্বরে সাংবাদিকদের ওপর শারীরিক হামলা কিছুটা কমলেও আইনি হয়রানি বেড়েছে। সেপ্টেম্বরে ২৮ জন সাংবাদিক হামলা বা নির্যাতনের শিকার হয়েছেন এবং ৯ জন সাংবাদিক আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন। একই সঙ্গে ডিজিটাল বা সাইবার আইনে মামলা ৩ থেকে বেড়ে ৮টি এবং গ্রেপ্তার ৩ থেকে বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এসব প্রবণতা মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে সংখ্যালঘুদের ওপর হামলায় উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিশেষ করে প্রতিমা ভাঙচুরের ঘটনা আগস্টের ১টি থেকে সেপ্টেম্বরে ১০ টিতে পৌঁছেছে। সেপ্টেম্বর মাসে নারী ও শিশুদের বিরুদ্ধে নথিভুক্ত মোট সহিংসতার সংখ্যা ৩২৭টি থেকে বেড়ে ৩৫৪টিতে দাঁড়িয়েছে। বিশেষ করে ধর্ষণ ও হত্যা ৫ থেকে ১০টি, ধর্ষণচেষ্টা ২১ থেকে ৩৬টি, শারীরিক নির্যাতন ৪০ থেকে ৫২টি এবং অপহরণ ও নিখোঁজের ঘটনা ১৪ থেকে ২৭টিতে বৃদ্ধি পেয়েছে।