শ্রেষ্ঠ বিমানসেনাদের সনদপত্র বিতরণ

বিমানবাহিনীর ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) মধ্যে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী সদর দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে ট্রফি ও সনদপত্র বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়Ñ অসাধারণ পেশাদারত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে অর্পিত দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের জন্য সাতজনকে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) হিসেবে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমানবাহিনী প্রধান সবার উদ্দেশে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসির (এয়ার) ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যদের বিমানবাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এ সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ, যা অন্যদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর