এমপি নজরুলের জামিন নাকচ, প্রথম স্ত্রীর জামিন

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিনের আবেদন নাকচ তবে প্রথম স্ত্রীর জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফায়ত উল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকায় প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেন এবং এমপি নজরুলের জামিনের আবেদন নাকচ করে দেন।

জামিনের আবেদন বলা হয়, বাদীর সঙ্গে এমপি নজরুলের আপস হয়েছে তাদের দুজনকে জামিন দিলে বাদীর কোনো আপত্তি নেই। এ সময় বাদী কাঠগড়ায় উপস্থিত ছিলেন, তিনি সম্মতি জানান। গত সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসান উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নিদেশ দেন।

রিমান্ড ফেরত প্রতিবেদনে বলা হয়, নজরুল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি অনেক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন এবং ভিকটিম মরিয়ম আত্মহত্যার সময় আসামিরা পাশের রুমে অবস্থান করেছিল সেই সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ছাড়া আসামি জামিন পেলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

গত ২২ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে একদিনের রিমান্ড শেষে এবং ২৩ সেপ্টেম্বর ভিকটিম মরিয়মের মামা ও নজরুলের মামাশ^শুর ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। ২৩ সেপ্টেম্বর এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুরকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে। ২১ সেপ্টেম্বর ঢাকার একটি আদালত ইসলাম গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার স্ত্রী মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। ২৪ সেপ্টেম্বর আবার আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।