শিবালয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

মানিকগঞ্জের শিবালয়ে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৬৩১ পিস ইয়াবা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।   

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার ছোট আয়াত খা গ্রামের আকবর হোসেনের ছেলে কাউসার হোসেন (২৭) ও শিবালয়ের দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (৪২)।

পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার কলাগাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মধুমতি সিএনজি অ্যান্ড এলপিজি লিমিটেডের সামনে অভিযান চালানো হয়। এ সময় কাউসার হোসেনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬০ গ্রাম। পুলিশের তথ্যমতে, এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে, গভীর রাতে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের মুন্নাফ মোল্লার বাড়ির সামনে অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৩ দশমিক ১ গ্রাম। একই সঙ্গে রেজিস্ট্রেশনবিহীন একটি ১৫০ সিসি হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়।

শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।