মিজানুস সালাম ইসলামিক রিসার্চ সেন্টারে ইফতা ও আরবি ভাষা কোর্সের উদ্বোধন

মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টারে ইসলামি আইনশাস্ত্রভিত্তিক ‘ইফতা’ ও আরবি ভাষা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে নাসিরাবাদ এলাকায় অবস্থিত রিসার্চ সেন্টারে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদ শায়খ সাইয়্যেদ আফিফ উদ্দীন জিলানী আল-হাসানী ওয়াল হোসাইনী।

ফতোয়ার নামে বিভ্রান্তি থেকে মানুষকে রক্ষায় আন্তর্জাতিক মানের কারিকুলামে দেশি-বিদেশি স্কলারদের সমন্বয়ে পরিচালিত এ ইফতা কোর্সটি চালু করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটির মাধ্যমে ইফতা কোর্সের তৃতীয় এবং আরবি ভাষা কোর্সের সপ্তম ব্যাচের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যেদ আফিফ উদ্দীন জিলানী বলেন, ‘তোমরা জ্ঞানযাত্রার একটি অধ্যায় শেষ করেছ এবং জীবনের বাস্তব অধ্যায়ে প্রবেশ করছ। মনে রেখো, জ্ঞান একটি আমানত। ডিগ্রি কোনো সমাপ্তি নয়; বরং এটি দায়িত্ব, ত্যাগ ও শ্রমের নতুন সূচনা।’

তিনি বলেন, ‘মানুষের প্রকৃত মূল্য কেবল পদবিতে নয় বরং তার চরিত্র, নৈতিকতা এবং সমাজ ও উম্মাহর জন্য প্রদত্ত কল্যাণে নিহিত। তাই অর্জিত জ্ঞানকে মানুষের সেবায় এবং কর্মকে কল্যাণের বাহন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আল্লাহভীতির গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের গোপনে ও প্রকাশ্যে তাকওয়া অবলম্বন, সততা, বিনয় ও উত্তম ব্যবহারের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান বলেন, সঠিক ফতোয়া দ্বীনের মৌলিক শিক্ষার প্রতিফলন ঘটায় এবং মুসলিম সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করে।

ফতোয়া প্রদানকে একটি দায়িত্বশীল ইবাদত উল্লেখ করে তিনি বলেন, এর জন্য গভীর জ্ঞান, তাকওয়া, আমানতদারিতা ও গবেষণাভিত্তিক প্রস্তুতি প্রয়োজন। একই সঙ্গে তিনি নবীন মুফতিদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলধারা অনুসরণ করে যাবতীয় ফেতনা-ফাসাদ থেকে দূরে থাকার আহ্বান জানান।

শিক্ষক ও গবেষক সাইফুল ইসলাম আজহারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি আল মাইজভান্ডারি ও সৈয়দ আব্দুর রহমান আফিফউদ্দিন আল জিলানি।

এতে আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফি, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ অছিউর রহমান আল কাদেরি, সাবেক মুহাদ্দিস সুলাইমান আনসারি, সাবেক মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক ভিসি অধ্যাপক মুহিতুল আলম, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, পরিচালক আলী হোসেন সোহাগ, আমীর হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু, মোহাম্মদ আখতার পারভেজ ও নোভেদ ইকবাল মিজান।

মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টারটি মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান।